লাগেজে লাল পান্ডাসহ ৮৭ প্রাণী, আটক ৬

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:৪৮

থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি লাল পান্ডাসহ ৮৭টি পশু-পাখি ও প্রাণী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই ভারতের নাগরিক। প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। খবর বিবিসি।

থাইল্যান্ডের শুল্ক কর্মকর্তারা জানান, পাচারের জন্য এসব পশু-পাখি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা এসব পশু-পাখি নিয়ে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে ফিরছিলেন।

প্রাণী পাচারের অভিযোগ প্রমাণিত হলে এই ৬ জনকে সর্বোচ্চ ১০ বছর কারাগারে থাকতে হতে পারে।

থাই শুল্ক বিভাগের পক্ষ থেকে উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে। প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি। কাপড়ের ব্যাগের ভেতর জড়িয়ে ছিল নানান সাপ।

বন্য প্রাণী পাচারের অন্যতম পরিবহনকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণী সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে বন্য প্রাণীর বাজার ক্রমে বড় হচ্ছে।

ইত্তেফাক/এনএন