গোল করার জন্য তাতিয়ে উঠেছিলেন কিলিয়ান এমবাপ্পে। নিজে পারছিলেন না, সতীর্থদের দিয়েও চেষ্টা করে বিফল হন পিএসজি তারকা। তবে হাল ছাড়েননি তিনি। ১৫ মিনিটে যখন তিনি সফল হলেন, তখন যেন গোল না পাওয়ার আক্ষেপ গিয়ে পড়ে গোলপোস্টের জালের ওপরে। এমবাপ্পের বুলেট গতিতে নেওয়া শটের ভার নিতে পারেনি রিয়াল সোসিয়েদাদের জাল। এক অংশ পোস্টের সংযোগ থেকে খুলে যায়। তাতে কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ হয়ে ছিল।
তবে মুহূর্তের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় সব ফিরে আসে। কেবল স্বাভাবিক হয়নি ফরাসি তারকার জাগানো গণজোয়ার। গত পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পুরোটা সময় সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। শেষ পর্যন্ত তার দল ২-১ গোলে ও দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করে।
গত পরশু রাতে একদিকে স্পেনের মাটিতে জাদু দেখিয়েছেন এমবাপ্পে, অপরদিকে জার্মানিতে নিজেদের মাটিতে একইভাবে মন কেড়েছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ফরাসি তারকার জোড়া গোলে যেমন পিএসজি কোয়ার্টার ফাইনালে উঠেছে, তেমনি কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখও শেষ আট নিশ্চিত করেছে। ঘরের মাটিতে লাজিওর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা। তাতে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে পরের পর্বে ওঠে থমাস টুখেলের শিষ্যরা। প্রথম লেগে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিলেন কেইনরা।
ঘরের মাটিতে সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার চ্যালেঞ্জ জয় করে নেয় বায়ার্ন। শুধু জয় নয়, গোল ব্যবধান বাড়িয়ে বিপদ থেকে দলকে উদ্ধার করেন কেইন। তার জোড়া গোলের পাশাপাশি থমাস মুলার একটি গোল করে বাভারিয়ানদের মান রাখেন। এ দিকে এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পরে তারকা এই ফুটবলারকে মাঠ থেকে তুলে নেওয়ার যে ধারাবাহিক ‘নাটক’ মঞ্চায়ন হয়েছিল, সেটির অবসান দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।
