জাতির উদ্দেশে ভাষণ দিতে ক্যাপিটল হিলে বাইডেন

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:৫৫

তৃতীয়বারের মতো জাতির উদ্দেশে বাৎসরিক ভাষণ দিতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপি।

বৃহস্পতিবার (৭ মার্চ) হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছেন তিনি। ফার্স্ট লেডি জিল বাইডেনও তার সাথে রয়েছেন।

এদিকে, হোয়াইট হাউস ছাড়ার পর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে যাওয়ার পথে বাইডেনকে বাধা দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্রায় ২০০ বিক্ষোভকারী কালো পোশাক পরে ফিলিস্তিনের পতাকা-ব্যানার নিয়ে জড়ো হন। ব্যানারে লেখা দেখা যায় ‘বাইডেনের শাসনামল গণহত্যার’। একই সঙ্গে যুদ্ধবিরতির দাবিও জানান তারা। বিক্ষোভকারীদের ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এ সময় বিক্ষোভকারীদের এড়াতে বাইডেনের গাড়িবহর অন্য পথ দিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ বছর বয়সী বাইডেন তার ভাষণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আক্রমণ করবেন।

ইত্তেফাক/একেএম