নারী কাউন্সিলরকে মারধর, কাউন্সিলর সামছুজ্জোহার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৬

নারায়ণগঞ্জ বন্দরে টিসিবির পণ্য আত্মসাতে বাধা দেওয়ায় নারী কাউন্সিলর সানিয়া সাউদ ও তার সচিব নাঈমকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাসিক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় ঢাকেশ্বরী বাজারে এ ঘটনাটি ঘটে এবং শুক্রবার (৮ মার্চ) রাতে মামলা করা হয়।

নির্যাতিত নারী কাউন্সিলার সানিয়া সাউদ বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার আনিসুর রহমান টিটু মিয়ার স্ত্রী। অভিযুক্তরা হলো কাউন্সিলর শামসুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীর বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে ও একই এলাকার রিপন ওরফে অটো রিপন। সানিয়া সাউদ নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। 

জানা গেছে, নাসিক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা প্রায় ২ হাজার পরিবারের টিসিবির পণ্য জনসাধারণে মাঝে বিতরণ না করে রাতে আঁধারে অন্যত্র বিক্রয় করে দেওয়ার অভিযোগ পায়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার ঢাকেশ্বরী নতুন বাজার এলাকায় প্রায় ১ হাজার ৯ পরিবারের জন্য টিসিবি পণ্য আসলে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ টিসিবি মালামাল বুঝে নেওয়ার সময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীর একই এলাকার অটো রিপনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে মহিলা কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ চড়থাপ্পড় মেরে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় অন্যান্য ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন, শিউলি আক্তার, তাৎক্ষণিক সানিয়া আক্তারকে নিয়া মেয়র, নারায়ণগঞ্জ প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, গোয়েন্দা অফিস, র‌্যাব-১১ কার্যালয়ে লিখিত স্মারক লিপি প্রদান করেন। 

এ ব্যপারে অভিযুক্ত কাউন্সিলর সামসুজ্জোহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল আলম পাটোয়ারী জানান, নারী কাউন্সিলরকে মারধর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

ইত্তেফাক/পিও