বাংলাদেশের অন্যতম লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে অল্প সময়েই বেশ নাম করেছে সোনিয়া মুসা ঢাকা। এবার তারা হাজির হয়েছে আভিজাত্যময় নান্দনিক ঈদুল ফিতর সংগ্রহ নিয়ে।
রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি-তে ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ‘সোনিয়া মুসা ঢাকা’র ঈদুল ফিতর কালেকশনের জমকালো ফ্যাশন শো। এই শোয়ের মাধ্যমে কালেকশনটি লঞ্চ করেন প্রখ্যাত ডিজাইনার সোনিয়া মুসা।
সোনিয়া মুসার প্রতিটি সংগ্রহ থাকে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। শোটিতে তারা হ্যান্ড পেইন্ট করা পোশাক, লেহেঙ্গা এবং শাড়িতে কমনীয়তার শৈলীর বিবর্তনের প্রতিফলন ঘটিয়েছেন।
এই সংগ্রহে আছে দৃষ্টিনন্দন সব সালোয়ার-কামিজ ও শাড়ি।
ফ্যাশন শো-এর পর, বনানী ডিওএইচএস-এ সোনিয়া মুসা ঢাকা’র ফ্ল্যাগশিপ স্টোরে ৯ থেকে ১৪ মার্চ পর্যন্ত কালেকশন গুলো ক্রেতা ও গ্রাহকদের কাছে প্রদর্শনের জন্য রাখা হবে।
ব্র্যান্ডের বয়স বেশি না হলেও এরই মধ্যে সোনিয়া মুসা একটি কারিগর গোষ্ঠী তৈরি করেছে, যারা খুব দক্ষতার সঙ্গে নজরকাড়া সব সূক্ষ্ম কাজ করে থাকে। কেবল ঢাকা নয়, সোনিয়া মুসার অনবদ্য ডিজাইনের সুনাম ছড়িয়েছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে তার গ্রাহক।

