টাকার লোভেই রাজ কুন্দ্রাকে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেঠী। এমন খবর চাউর হলে শিল্পা এ নিয়ে বিব্রত। কিন্তু কোথাও মুখ খোলেননি। ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেঠি। প্রায় ১৪ বছরের সংসার তাদের। এখন দুই সন্তানের মা-বাবা তারা। আপাতদৃষ্টিতে সুখের সংসার হলেও বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে রাজ ও শিল্পার দাম্পত্য জীবনে।
২০২২ সাল নাগাদ পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পান রাজ। গত বছর থেকে স্বাভাবিক জীবনে ফিরেছেন তারা। বিয়ে করার সময় থেকে বার বার শুনতে হয়েছে, টাকার জন্যই নাকি রাজের প্রতি মন গলেছিল শিল্পার।
এবার অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, রাজ ধনী। রাজের থেকেও ধনীরা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। আমি অর্থলোভী হলে ওদেরকেই বিয়ে করতাম!’ বলিপাড়ার অন্যতম ‘ফিটনেস ফ্রিক’ হিসাবে সুনাম রয়েছে শিল্পার। বয়স ৪০ পার করেছেন অনেক দিন। অথচ নায়িকাকে দেখে তা বোঝার উপায় নেই! দুই সন্তানের মা শিল্পা এখনও তারুণ্য ধরে রেখেছেন।
যদিও রাজকে বিয়ের পর সিনেমায় কাজ কমিয়েছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে শিল্পাকে। প্রায় দু’দশকের ক্যারিয়ার। তবু রাজকে বিয়ে করার পর ‘গোল্ডডিগার’ তকমা পেতে হয়েছিল তাকে।
সম্প্রতি এক সাক্ষাতকারে শিল্পা বলেন, ‘যখন রাজকে বিয়ে করি, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগল করতে ভুলে গিয়েছিল। আমি তখনও ধনী ছিলাম। এখনও ধনীই আছি। আমি কর থেকে জিএসটি, সবটাই নিজের অর্জিত অর্থ থেকে দিই।’

