‘আগামী রমজানে পণ্যের দাম বেঁধে দেওয়া হবে’

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৪:৩৩

এ বছর সম্ভব হয়নি, তবে আগামী রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

রোববার (১০ মার্চ) সকালে সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

ভারত থেকে দুই দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই।

মন্ত্রী বলেন, চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেওয়া যাবে না।

কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায় জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

ইত্তেফাক/একেএম/পিও