টাঙ্গাইলের সখীপুরে ‘আবদুল কদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটি’র উদ্যোগে দুই শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) উপজেলার কালিদাস বাজারে ‘আবদুল কদ্দুস ওয়েলফেয়ার সোসাইটি’ কার্যালয় প্রাঙ্গণে আসন্ন মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দুই শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি, ডাল ও তেলসহ ৮ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সোসাইটির সভাপতি আবদুল হাই, সম্পাদক জাকারিয়া হোসেন লাভলু, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন সুমন, বহুরিয়া ইউনিয়ন যুবলীগের সম্পাদক শরিফুল ইসলামসহ অনেকে।
সোসাইটির সভাপতি আবদুল হাই বলেন, ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগীদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি নিয়োজিত। এ ছাড়াও ‘মুরব্বীদের চা আড্ডা’ নামে স্থানীয় মুরব্বীদের জন্য প্রতিদিন বিকেলে একটি আয়োজন রয়েছে। সেখানে প্রতিদিন বিকেলে এলাকার মুরব্বীরা ‘আড্ডায়’ চা-চক্রে মিলিত হন।
সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর ‘এয়ার কমোডর’ আবু রায়হান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের উদ্যোগে আমার বাবার স্মৃতি ধরে রাখতে সংগঠনটি গঠন করানো হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করবে।’
