পুলিশের ধাওয়ায় ককটেল ভর্তি বালতি রেখে পালালো দুর্বৃত্তরা 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬:৪০

মাদারীপুরে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) বিকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকার কেরামত আলী মীরের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল একটি ইউনিট গিয়ে সেগুলো নিস্ক্রিয় করে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে সদর উপজেলার ঝিকরহাটিতে স্থানীয় আধিপত্য নিয়ে এনামুল দর্জি ও ইকবাল দর্জি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। 

পরে মহাসিন মীর, সজল মীর, এনামুল দর্জিসহ ১০ থেকে ১২ জন ককটেলের বালতিসহ দৌড়ে পালাচ্ছিল। সেসময় পুলিশ ধাওয়া দিলে বালতিটি কেরামত আলী মীরের ঘরে রেখে পালিয়ে যায় তারা। ওই ঘর থেকেই বালতিতে থাকা পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বালতিতে ভরা পাঁচটি তাজা বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়েছে। যারা বোমাগুলো রেখে পালিয়ে গেছে—তাদের চিহ্নিত করা হয়েছে। সেসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

ইত্তেফাক/ডিডি