চাঁদাবাজি ও চুরির দায়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউপি সদস্য ওয়াসিম (৩৫) ও সহযোগী শাহীনুর (২৮) কে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ মার্চ) গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁচোর ইউনিয়নের চোপড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুনির ইসলাম (২০) গত ৪ মার্চ বিকেলে মোটরসাইকেলযোগে বাকসা-সুন্দরপুর এলাকা দিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য ওয়াসিম ও তার লোকজন মুনিরের পথরোধ করে। 

মুনিরকে বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চলে যায়। ঘটনার দুইদিন পর ওয়াসিম ও তার সহযোগীরা মুনিরের বাড়িতে গিয়ে তার কাছে ৫০,০০০ টাকা চাঁদা চায়। টাকা না দিলে মোটরসাইকেল ফেরত দেয়া হবে না বলে তারা জানায়।  

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিনেই পুলিশ ওয়াসিম ও শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/পিও