বাগেরহাটে চুরি করা গরু জবাই দিয়ে হরিণের মাংস বলে বিক্রি করে ৩ প্রতারক। রোববার (১০ মার্চ) সকালে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে ঘটনা ঘটে। প্রতারণার এমন ঘটনায় থানায় মামলা হলেও কাউকে আটক হয়নি। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রতারকরা।
মামলার বাদী চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের নজরুল জমাদ্দার জানান, সুন্দরবনের পাশে বসবাস করা তার আয়ের উৎস একটি মাত্র গরু। সেটিকে রোববার সকালে মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন তিনি। কিন্তু দুপুরে মাঠে গিয়ে গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাদ ব্যাপারী চুরি করে সুন্দরবন ভেতর নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছে।
তবে আসল হরিণের মাংস নয়, এটি জানাজানি হলে গাঁ ঢাকা দেয় ওই তিন প্রতারক। সোমবার সকাল থেকে আবার তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
মোংলা থানা ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি গরু চুরির মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
