কারিগরি ত্রুটি সারিয়ে ডিএসইতে স্বাভাবিক লেনদেন

টানা সূচক কমছে শেয়ার বাজারে

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০১:৩০

কারিগরি ত্রুটি সারানোর ফলে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে কোনো ধরনের সমস্যা ছাড়াই লেনদেন শেষ হয়েছে। আগের দিন কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে সূচক অস্বাভাবিক আচরণ করে। তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ‘আমরা নেটওয়ার্ক’র তথ্য হালনাগাদ করতে গিয়ে ডিএসই সার্ভার ত্রুটিতে পড়ে। ফলে সূচকের ওঠানামার কোনো তথ্য জানতে পারা ছাড়াই বিনিয়োগকারীদের লেনদেন করতে হয়েছে। তবে গতকাল সূচকে এ ধরনের কোনো সমস্যা হয়নি। এদিকে গতকালও শেয়ার বাজারে মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই সূচক কমল। শুধু তাই নয়, গত চার সপ্তাহ ধরেই সূচকের পতনে লেনদেন হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬.৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭.৯৮ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৪৭৮ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭৫ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো:

ফু-ওয়াং সিরামিক, তৌফিকা ফুড, অরিয়ন ইনফিউশন, গোল্ডেনসন, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, বীকন ফার্মা, ফাইন ফুডস ও আফতাব অটোমোবাইলস।  

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৫১ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ইত্তেফাক/এমএএম