জয়পুরহাটে জামিরুল ইসলাম হত্যা মামলার রায়ে তার স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জ্যোত্স্না বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলামের সঙ্গে জ্যোত্স্না বেগম বিয়ের পর থেকে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে ঘরজামাই থাকতেন। এদিকে তার স্ত্রী পার্শ্ববর্তী শাহিন মিয়া বাবুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকালে আসামিরা জামিরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
