পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা থেকে মালি, ক্লিনার, নিরাপত্তারক্ষীসহ ২১২ কর্মী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা।
গতকাল সোমবার বেতনের দাবিতে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন কলাকুশলী ও কর্মচারী লীগের (সিবিএ) ব্যানারে মানববন্ধন করেন কর্মচারীরা।
মানববন্ধনে কর্মচারীরা জানান, পাঁচ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে তারা। বাসাভাড়া দিতে পারছেন না। সন্তানদের পড়াশোনার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।
এসময় অতিসত্বর বকেয়া বেতন পরিশোধের দাবি জানান কর্মচারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এফডিসির নিজস্ব তহবিল থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধের বিধি রয়েছে। তবে লোকসানের মুখে প্রায় দেড় দশক ধরে ধুঁকছে ঢাকাই সিনেমার প্রাণকেন্দ্র এফডিসি। চলচ্চিত্রের শুটিং কমে যাওয়া, অব্যবস্থাপনাসহ নানা জটিলতার জেরে নিজস্ব তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছে এফডিসি কর্তৃপক্ষ।
