ফিলিস্তিনের বিপক্ষে ভালো ফলাফল আশা করছি: রবিউল

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪:৫৫

চলতি মাসে ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচে মাঠে নামার আগে নতুন-পুরোনো মিলিয়ে মোট ২৮ ফুটবলার নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করেই দলের টিকিট পেয়েছেন প্রতিটা ফুটবলার। সৌদির তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস স্টেডিয়ামে গেল ৪ মার্চ থেকেই বিভিন্ন কৌশলে লাল-সবুজের দলের ক্যাম্প পরিচালনা করছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

এছাড়া ঐখানে রেখেছে দুটি প্রস্তুতি ম্যাচও, যাতে প্রতিপক্ষ সুদান, যারা কিনা ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ৫৬ ধাপ এগিয়ে রয়েছে। এমন শক্তিশালী প্রতিপক্ষকেই গেল পরশু প্রথম প্রস্তুতি ম্যাচে গোল শূন্য রুখে দিয়েছে টাইগাররা। এরপর লাল-সবুজদের কোচ বলেছিলেন যে, তারা সঠিক পথেই রয়েছে। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সৌদিতে ক্যাম্প করার বিষয়টি জানিয়েছেন আক্রমণ ভাগের খেলোয়াড় রবিউল ইসলাম।

গতকাল এক ভিডিও বার্তায় এ নিয়ে রবিউল বলেন, ‘সৌদিতে আমাদের আসার উদ্দেশ্য হলো, আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো। আমরা কুয়েতে যাব খেলতে, ফিলিস্তিনের বিপক্ষে আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। তো এই ম্যাচের বিষয় হচ্ছে যে আমাদের আলাদা একটা পরিকল্পনা রয়েছে। আমরা এইখানে খেলার অনেক দিন আগে এসেছি। এখানে আমরা কোচের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নতুন-পুরাতন, ছোট-বড় সবাই মিলে কাজ করছি, যাতে আমরা ভালো একটা ফলাফল আনতে পারি।’ 

এ সময় ক্যাম্পে থাকা সতীর্থদের নিয়ে রবিউল বলেন, ‘বাংলাদেশের যেই স্থানেই খেলা হোক না কেন, লিগের হোক কিংবা টুর্নামেন্টের, সবখানে গিয়েই কোচ খেলা দেখে। সেখান থেকেই কোচ বাছাই করে করে ক্যাম্পের এই সেরা দল গঠন করেছেন। এখানে সবাই সবার জায়গা থেকে সেরাটা দিচ্ছে। সবাই নিজের শতভাগের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করছে। মোট কথা, সবাই ঐ ম্যাচে (ফিলিস্তিনের বিপক্ষে) খেলার জন্য মুখিয়ে আছে। তবে দলের সবাই যার যার পজিশনে খুব ভালো মিডফিল্ড বলেন ডিফেন্স বলেন বা অ্যাটাকিং বলেন সবাই সবার জায়গা থেকে সেরাটা করছে। আর কোচ যা চাচ্ছেন, সবাই সেটাই দেওয়ার চেষ্টা করছে। তো ফিলিস্তিনের বিপক্ষে ভালো ফলাফল আসা করছি।’ আগামীকাল সুদানের বিপক্ষে ক্লোজড ডোরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল।

ইত্তেফাক/জেডএইচ