ভিক্ষুকের স্টিলের লাঠি বিক্রি করে নেশা করায় খুন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:২০

রবিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন ক্রসিংয়ের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নিউ মার্কেট থানা পুলিশ। ঐ দিনই নিউ মার্কেট থানা পুলিশের এসআই মো. আশরাফুল ওমর বাদী হয়ে দায়ের করেন হত্যা মামলা।

এরপর টানা ৩৬ ঘণ্টা অনুসন্ধান ও নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত মো. হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হোসেনের বরাদ দিয়ে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভিকটিমের নাম মামুন। তিনি ভাসমান ছিলেন। গ্রেফতারকৃত হোসেনও ভাসমান। এদের মধ্যে হোসেন স্টিলের লাঠিতে ভর দিয়ে নিউ মার্কেট এলাকায় ভিক্ষা করেন। আর মামুন ছিলেন ভাসমান মাদকাসক্ত।

মামুন অভিযুক্ত হোসেনের স্টিলের লাঠি চুরি করে বিক্রি করে দেয়। বিক্রি করে পাওয়া ১ হাজার ২০০ টাকা দিয়ে মামুন নেশা করেন। এই ঘটনা জানতে পেরে হোসেন ১০ মার্চ ভোর সোয়া ৫টার দিকে কাঁটাবন মোড়ের ফুটপাতে ঘুমন্ত মামুনের ওপর কংক্রিটের ব্লক নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

উপর্যুপরি আঘাতে মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই মামুন মারা যান। ঘটনার পর পুলিশ ঐ এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঘাতককে শনাক্ত করা হয়।

ইত্তেফাক/এনএন