টিকিট কেটেও কুয়েত যাওয়া হলো না মাসুদের

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৩৩

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন আবদুল্লাহ আল মাসুদ (৩৭)। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানে ওঠার ঠিক একদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা যায় মাসুদ।

বুধবার (১৩ মার্চ) ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা মাসুদের ভাইয়ের স্ত্রীসহ আরও দুই নারী গুরুতর আহত হয়েছেন। 

এ ঘটনায় আহতরা হলেন, মাসুদের প্রবাসী ভাইয়ের স্ত্রী নাসরিন সুলতানা টুম্পা (৩১), মোহাম্মদ আলী এলাকার শাহেনা বেগম (৪৫) এবং শহরের বিরিঞ্চি এলাকার হোসনে আরা বেগম (৬৩)। 

নিহত মাসুদ চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার এলাকার মো. আবুল কালামের ছেলে। পরিবারে তার স্ত্রী, ৫ বছরের এক মেয়ে ও ৫ মাস বয়সী এক ছেলে রয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে ফেনী থেকে মোহাম্মদ আলী বাজার যাওয়ার পথে ফতেহপুর মটবাড়িয়া ব্রিকফিল্ডের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। 

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ইত্তেফাক/পিও