বাড়ির রাস্তায় বাঁশের বেড়া, ৪ পরিবারের যাতায়াত বিঘ্নিত   

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৪:১৬

লক্ষীপুরের রায়পুরে ৪০ বছরের পুরানো একটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে চলাচল করতে পারছে না ৪টি পরিবার।  

জানা গেছে, লক্ষীপুরের রায়পুর উপজেলার ৯ নম্বর দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের কামার বাড়িতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। ঐ বাড়ির প্রভাবশালী তপন কর্মকারের ছেলে ওয়াসিম কর্মকারের সাথে একই বাড়ির খোকন কর্মকারদের ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন। এর জের ধরে গত বৃহস্পতিবার বাড়ির চলাচলের রাস্তায় ৬ ফুট উচ্চতার বাঁশের দুই বেড়া দিয়ে চার পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় ওয়াসিম কর্মকার ও তার লোকজন। এতে ৮ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে ওই চার পরিবার। বাড়িতে প্রবেশ করতে অনেকখানি ঘুরে আসতে হয় তাদেরে।       

স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক সংগীতা মহাজন বলেন, এনাদের ঝামেলা দীর্ঘদিনের। এখানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ওয়াসিম কর্মকারদের লোকজন বেশি থাকায় খোকন কর্মকার তাদের সঙ্গে পেরে উঠছে না। আমরা প্রশাসনের মাধ্যমে এর সঠিক সমাধান চাই।  

 

ভুক্তভোগী খোকন কর্মকার বলেন, দীর্ঘ ৪০ বছর আমরা এই স্থানে বাস করছি। জমির চৌহদ্দি অনুযায়ী এই যাতায়াতের স্থান আমাদের। সম্পূর্ণ জোর করে তারা আমাদের বাড়ির প্রবেশদ্বার আটকে দিয়েছেন। যার ফলে আমরাসহ আরও তিনটি পরিবার বর্তমানে অবরুদ্ধ আছি। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। এখনও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এর সঠিক বিচার চাই। 

অভিযুক্ত ওয়াসিম কর্মকার বলেন, ওই চার পরিবারকে এতদিন আমরা আমাদের জমির ওপর দিয়ে চলাচল করতে দিয়েছি। তারা অন্যায় ভাবে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। সেই মামলায় আমি ২৫ দিন কারাভোগ করেছি। সে কারণে আমাদের জায়গা আটকে দিয়েছি। তারা তাদের জমির ওপর দিয়ে কাউকে যেতে দেয় না। তাই আমরাও দিই না। 

স্থানীয় চেয়ারম্যান নুরে আলম জিকু হাওলাদার বলেন, জমির মালিক যেই হোক না কেন রাস্তা বন্ধ করে দেওয়াটা চরম অন্যায়। রাস্তা খুলে দেওয়ার জন্য বলা হলেও তাঁরা কথা শোনেনি।  

হায়দেরগঞ্জ ফাড়ির ইনচার্জ সুজিত বড়ুয়া বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসএআর/পিও