মিয়ানমারের ৮০ শহরে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করেছে জান্তা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৬:৩৮

মিয়ানমারের প্রায় ৮০ শহরে ইন্টারনেট ও ফোনের লাইন কেটে দিয়েছে জান্তা সরকার। দেশটির মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন আথান এ তথ্য জানিয়েছে। খবর দ্য ইরাবতীর।

ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া শহরগুলোর মধ্যে ১৭টি রাখাইন রাজ্যে। এছাড়াও সাগাইং অঞ্চলের ৩৪ শহরের মধ্যে ২৭টি ও কায়াহ রাজ্যের সাতটি শহরের মধ্যে পাঁচটি শহর এই তালিকা রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

শান, চিন, কাচিন ও মোন রাজ্য এবং তানিনথারি, ম্যাগওয়ে, বাগো ও আইয়ারওয়াদি অঞ্চলের শহরগুলোতেও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বেশিরভাগ শহরে ইন্টারনেট ও ফোন দুটিরই লাইন কেটে দেওয়া হয়েছে। আবার কিছু শহরে শুধু ইন্টারনেট বন্ধ কিংবা গতি কমিয়ে দেওয়া হয়েছে।

আরাকান আর্মি গত বছরের নভেম্বর থেকে উত্তর রাখাইন রাজ্যজুড়ে জান্তার বিরুদ্ধে লড়াই করে আসছে। তারা প্রায় ১৮০টি জান্তা ঘাঁটি, ৯টি শহর ও দক্ষিণ চিন রাজ্যের শহর পালেতওয়ার পুরোটা দখল করেছে।

আথান বলেছে, রাখাইনের রাজধানী সিতওয়েতে সব ধরনের ওয়াই-ফাই ও ইন্টারনেট পরিষেবা বন্ধের পরেও ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সামরিক মালিকানাধীন টেলিকম সরবরাহকারী মাইটেলের সেবা কাজ করছিল।

তবে দুই রাখাইন বাসিন্দা বলেছেন, জান্তা মালিকানাধীন টেলিকম অপারেশন মাইটেল ও এমপিটি বৃহস্পতিবার সিতওয়েতে কাজ করেছে। আরেক বাসিন্দা বলেন, কিছু এলাকায় ফোনের লাইন ঠিক করা হয়েছে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই।

আথান জানিয়েছে, ব্যাংকিং পরিষেবা ও অনলাইন লেনদেন বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া মানে শাসক-বিরোধী শক্তিকে দমন করার একটি জান্তা কৌশল। এটা স্পষ্ট যে জান্তা তথ্যের প্রবাহ গোপন করতে ও বিদ্রোহ দমন করতে ইচ্ছাকৃতভাবে জনগণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

গত বছর ওয়াশিংটন-ভিত্তিক ফ্রিডম হাউজের বার্ষিক প্রতিবেদন অনুসারে সবচেয়ে খারাপ ইন্টারনেট স্বাধীনতার দিক দিয়ে চীনের পরই মিয়ানমারের অবস্থান।

ইত্তেফাক/এসএটি