আখাউড়ায় লাগেজ পার্টির হামলায় কাস্টমস কর্মকর্তাসহ আহত ৩

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অপ্রতিরোধ্য হয়ে পড়েছে লাগেজ পার্টি। শেষ পর্যন্ত তারা কাস্টমস কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে। নিয়ে গেছে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ পণ্য। শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে কাস্টমস অফিস ও আখাউড়া-আগরতলা সড়কে দু’দফায় এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই আহত হলেন, কাস্টমসের সিপাহী পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া। 
 
জানা গেছে, বেলা সোয়া তিনটার দিকে ভারত ফেরত এক বা একাধিক যাত্রী সাত/আটটি ব্যাগে করে প্রচুর মালামাল নিয়ে আসেন। নিয়ম অনুসারে কাস্টমসের লাগেজ স্ক্যানিংয়ের কক্ষে না নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে ফেলা হয়। তখন কাস্টমসের পক্ষ থেকে এসব পণ্য স্ক্যানিং কক্ষে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয় স্থানীয় চক্রটি। তারা এ নিয়ে কাস্টমসের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই ফাঁকে মালামাল নিয়ে ওই অটোরিকশা দ্রুত চলে যায়। তাৎক্ষণিকভাবে কাস্টমস কতৃর্পক্ষও তাদের পিছু নেয়। বিজিবি ক্যাম্প পার হওয়ার পর অটোরিকশাটিকে আটক করে কাস্টমসের লোকজন। তখন পেছনে থেকে মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করে। এতে কাস্টমসের তিনজন আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। এর মধ্যে আহত একজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়।

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, কাস্টমস কর্মকর্তা আহত হওয়ার বিষয়টি আমি শুনেছি। হামলাকারীদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ মামলার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/পিও