পিরোজপুরের ইন্দুরকানীতে এক চাষীর বাগানের ১৭৬টি কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। আজ শনিবার সকালে পার্শ্ববর্তী এক চাষীর ফোনে তিনি গাছ কেটে ফেলার খবর পান।
ভুক্তভোগী কৃষক জানান, বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ৬ কাঠা কৃষিজমিতে সাগর ও সবরিসহ উন্নত জাতের কলা চাষ করছি। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ফলেছে। ইতোমধ্যে কিছু কলা বিক্রিও করেছি। কিন্তু শনিবার সকালে পার্শ্ববর্তী এক চাষী ফোনে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার ফোন পেয়ে ক্ষেতে গিয়ে দেখি কলা গাছগুলো মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে।
ভুক্তভোগী চাষীর ছেলে মুনান হাওলাদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। তিনি জানান, সকালে কলা ক্ষেতে গিয়ে বাবা সকল কলা গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছেন। কলা গাছগুলোর সাথে এমন শত্রুতার বিচার চাই।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
