রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বানচালের জন্য বছরের পর বছর ধরে পশ্চিমারা সবকিছুই করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমারা ভুল তথ্য প্রচারণাসহ সাইবার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। সংশ্লিষ্ট বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে রাশিয়ান সংস্থার অ্যাপ পর্যন্ত তারা ব্লক করেছে।
মারিয়া জাখারোভা রুশ সংবাদমাধ্যম তাসকে বলেন, মস্কোর পশ্চিমাবিরোধীরা গত বছর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেছে। আমাদের বিরোধীরা এক সপ্তাহ বা এক মাস আগেও আলোড়ন তোলেনি। আমার কাছে মনে হয়, গত এক বছর ধরে তারা প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করতে বা নির্বাচন অনুষ্ঠান হওয়া থেকে বিরত রাখতে কিংবা বিভিন্নভাবে নির্বাচনের ধারণা বিকৃত করতে সবকিছু করেছে।
জাখারোভা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ নাগরিকদের যে ঐক্য, তা পশ্চিমাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশ সুসংহত হয়েছে। তারপরও ঐক্য স্পষ্ট হুমকির মুখে। আমরা যেগুলোর মুখোমুখি হচ্ছি- সেগুলো সমাধানের জন্য ঐক্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ২০২৪ সালের ১৭ মার্চকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে ঘোষণা করে। এরপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) ঘোষণা করে যে, ১৫ থেকে ১৭ মার্চ তিনদিন ভোটগ্রহণ হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নিউ পিপলস পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) মনোনীত লিওনিদ স্লুটস্কি এবং কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশন (সিপিআরএফ) মনোনীত নিকোলাই খারিতোনভ। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, পুতিনই ফিরে আসবেন রাশিয়ার সর্বোচ্চ এই পদে।
