ব্র্যাকের গোলটেবিল আলোচনা

দুর্যোগ প্রস্তুতিতে নারী, শিশু ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে হবে

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৯:২৪

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। তিনি বলেন, ঘূর্ণিঝড় 'মখা'য় পাশ্ববর্তী দেশে অনেক মানুষ মারা গেলেও বাংলাদেশে এক জনও প্রাণ হারায়নি।

সোমবার (১১ মার্চ) ব্র্যাক সেন্টারে ব্র্যাক আয়োজিত ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচিব মো. কামরুল হাসান বলেন, আমাদের অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। নগরের দুর্যোগ ব্যবস্থাপনায় আরও বেশি সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়ার পাশপাশি তিনি দুর্যোগ প্রস্তুতিতে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করতে হবে বলে মন্তব্য করেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও নগর উন্নয়ন কর্মসূচির পরিচালক মো. লিয়াকত আলী।

দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি ও সরকারের সাফল্য এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ৩০টির বেশি দুর্যোগে ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ৭০ লাখ মানুষ অভিবাসী হয়।

দেশে দুর্যোগের ফলে মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমলেও মানুষের সম্পদ ও জীবিকার ক্ষয়ক্ষতি এখনো অনেক বেশি। এ বিষয়ে স্থানীয় সরকারের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্র্যাক অ্যাডভোকেসি, ইনোভেশন, মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।

ইত্তেফাক/এবি