রাশিয়ার বেলগোরদে বিমান হামলা, স্কুল দোকানপাট বন্ধ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২৩:৪৪

রাশিয়ার বেলগোরদ শহরে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরটির স্কুল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

বেলগোরদের গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ বলেছেন, হামলায় দুইজন নিহত হয়েছেন।  রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটল। 

গ্লাদকভ আরও বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেনের সীমান্তবর্তী এ শহরের শিক্ষার্থীদের আগামী সোমবার ও মঙ্গলবার স্কুলে যেতে হবে না বলে জানান এ গভর্নর। সেইসঙ্গে আগামী রোববার ও সোমবার শপিং সেন্টার বন্ধ থাকবে। 

তিনি বলেন, গাড়ির পার্কে হামলায় একজন নারী নিহত হয়েছেন। সেইসাথে তার সংগে থাকা সন্তান আহত হয়েছে। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। 

যুদ্ধ শুরুর পর থেকে বেলগোরদের একের পর এক হামলা চলছে। তবে সর্বশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন।

ইত্তেফাক/এমএএম