জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নেতাকর্মীরা।
রবিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবন্তিকার আত্মহত্যার ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে ঘটনার পেছনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ও তাদের স্বেচ্ছাচারী মনোভাব পরিহার করার দাবি জানান।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব জামানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাঠামোগত আত্মহত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। যৌন নিপীড়ক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।ফলে যৌন নিপীড়কদের বাঁচাতে শিক্ষকরা প্রাণপণ চেষ্টা করেন। সকল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ছত্রছায়ায় যৌন নিপীড়ক গড়ে উঠে। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।'
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি আলিফ মাহমুদ বলেন, 'ফাইরুজ অবন্তিকা নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে।অবন্তিকার মৃত্যু টেকনিক্যাল মার্ডার। সব বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা রাঘব বোয়ালে পরিণত হয়েছে। তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা অত্যাচারিত হয়ে যখন প্রক্টরের কাছে অভিযোগ নিয়ে যায়, বিচার চায়, তখন তাদেরকে চুপ থাকতে বলা হয় কিংবা বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে।'
