শাবি ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৪:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. সজিবুর রহমানের মাদক সেবনের ২টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

রোবরাব (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ এক গ্রুপে ‘জালাল উদ্দীন’ নামের এক ফেসবুক আইডি থেকে এই ভিডিও পোস্ট করলে খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে। তবে, কয়েক ঘণ্টা পর ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। 

ভাইরাল হওয়া দুটি ভিডিওর মধ্যে একটি ১৩ সেকেন্ড ও অপরটি এক মিনিট সাত সেকেন্ডের। ভিডিওতে দেখা যায়, সজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের কোনো একটি কক্ষের খাটে বসে ইয়াবা সেবনের জন্য একটি সরু কাগজ তা প্রস্তুত করছে। এ সময় তার সঙ্গে আরও দুইজনকে বসে থাকতে দেখা যায়। 

দীর্ঘ পাঁচ বছর পর শাবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটির ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন আছে। এ কমিটিতে সজিবুর সভাপতি পদপ্রত্যাশী। এর মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সজিবুর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারী বলে জানা গেছে।  

তবে সজীবুরের দাবি, ভিডিওটি তার নয়। বিষয়টি অস্বীকার করে সে বলে, আমার আগের ছবি আর বর্তমান ছবি মিলিয়ে দেখেতে পারেন। এই ভিডিওটি আমার না। প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার নামে এগুলো ছড়াচ্ছে।

ইত্তেফাক/এসএআর/পিও