গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন টিটু

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:৩৫

দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে নারী দলের কোচ সাইফুল বারী টিটুকে। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পদে দায়িত্ব দেওয়ার জন্য আলোচনা চলছে। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পদে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ান পল থমাস স্মলিকে। সবকিছু ঠিকঠাক থাকলে সাইফুল বারী টিটু মেয়েদের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে আগামী মাসেই টেকনিক্যাল ডাইরেক্টর পদে দায়িত্ব পালন করবেন। 

টিটু অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যাম্পিয়ন দলের কোচ। মাত্র ১০ দিন আগে নেপালে চার দেশের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে টিটুর অধীনে। এছাড়াও অনূর্ধ্ব-১৯ সাফ নারী টুর্নামেন্টেও বাংলাদেশ যুগ্ম-চ্যাম্পিয়ন হয়েছিল কোচ টিটুর অধীনে। এর আগে চীনে অনুষ্ঠিত হ্যাংঝু এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। একাধিক আন্তর্জাতিক ফিফা ম্যাচ খেলেছে বাংলাদেশ টিটুর অধীনে। 

সিনিয়র জাতীয় দলের দায়িত্ব থেকে বয়স ভিত্তিক দলের দায়িত্ব গ্রহণের পর এখন কোচ থেকে টেকনিক্যাল ডাইরেক্টরের পদে যাচ্ছেন টিটু। বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানিয়েছেন, টিটু টেকনিক্যাল ডাইরেক্টর হচ্ছেন। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, তারা সাইফুল বারী টিটুকে টেকনিক্যাল ডাইরেক্টর পদে নিয়োগ দিতে যাচ্ছেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বাফুফে গ্রহণ করবে। তখন আরো পরিষ্কার ভাবে বলা যাবে।’  

কিন্তু টিটু এব্যপারে কোনো কথা বলতে রাজি না, তার কথা হচ্ছে দায়িত্ব পালন করতে কোনো আপত্তি নেই। টিটু এরই মধ্যে জেনেছেন। তাকে টেকনিক্যাল ডাইরেক্টর পদে কাজ করার বিষয়ে কথা বলা হয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত নিয়োগ হবে, সে পর্যন্ত আগবাড়িয়ে কিছু বলতে রাজি না।  টেকনিক্যাল ডাইরেক্টর পদের প্রশ্নে টিটুর পরিষ্কার জবাব, ‘আমি কিছু জানি না। হাইপথোটিক্যাল প্রশ্নের উত্তর নাই। কিরন আপা ভালো বলতে পারবেন।’ 

যদি টেকনিক্যাল ডাইরেক্টর পদে আপনাকে পছন্দ করে তাহলে আপনার অবস্থান কী হবে? টিটু বলেন, ‘আমার অবস্থান হচ্ছে ইটস এ জব। যে কোনো ধরনের সুযোগ কেউ যদি দেয়, সেটা ধন্যবাদ দেওয়ার মতোই। এটা অনেক বড় সম্মানের ব্যাপার। সম্মানজনক ব্যাপার। তবে এটাও বলতে হয় যে, কঠিন ব্যাপার হচ্ছে এই কাজটাকে সঠিকভাবে পালন করা। এই ভীতিটা আমার সব সময় থাকবে। আর ভীতিটা থাকলে বোধয় কাজ ভালো হবে।’ 

টিটু বলেন, ‘আসলে এসব নিয়ে এখন কথা বলার মতো সময় হয়নি। যারা নীতি নির্ধারক তারা ভালো জানবেন। দেখুন কোচিং কাজটাই হচ্ছে টেকনিক্যাল জব। টেকনিক্যাল ডাইরেক্টর হলে  প্রো লাইসেন্স থাকলে ভালো হয়, ‘এ’ লাইসেন্স হলে ভালো হয়। কথা হচ্ছে, যেটা এখনও ঘটেনি সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই।’ ব্রিটিশ কোচ পিটার বাটলার এসেছিলেন বাফুফের এলিট একাডেমির কোচ হয়ে। এখন তিনি নারী জাতীয় দলের বর্তমান কোচের দায়িত্ব পালন করছেন। এ বছরই নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টিটুকে টেকনিক্যাল ডাইরেক্টরের পদে নিয়োগ দেওয়া হলে পিটার বাটলার নারী দলের কোচ হয়ে কাজ করবেন। পিটারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। পিটারের দায়িত্বটা চূড়ান্ত হয়ে গেলে টিটুর দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। শেষ মুহূর্তে পিটার বাটলার এবং সালাহউদ্দিনের মধ্যে বৈঠকের ওপর নির্ভর করছে।

ইত্তেফাক/এএইচপি