শান্তর চোখ সাদা পোশাকে

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:১০

তিন ফরম্যাটের পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পরে ঘরের মাটিতে প্রথম সিরিজ খেলছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান এই সিরিজে এখন চলছে টেস্ট ম্যাচ। লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আজ সকাল ১০টা থেকে শুরু। এর আগে চট্টগ্রামে শেষ হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল শান্ত বাহিনী।

তবে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের দল। এবার সাদা পোশাকে চোখ রেখেছেন নতুন নেতা শান্ত। তবে ক্রিকেটের এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার জন্য নতুন নয়, তিন ফরম্যাটে পূর্ণকালীন হওয়ার পরে প্রথম। এর আগে গেল বছরেও লিটন দাসের পরে লাল বলে অধিনায়কত্ব করেছিলেন শান্ত।

এই ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা সর্বমোট ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে ১৮টিতেই জয় রয়েছে লঙ্কানদের। বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ১ ম্যাচে। বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। ফলে দুদলের মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। আবার নিজেদের সবশেষ পাঁচ পৃথক ম্যাচে সমান তিনটি করে জয় রয়েছে দুদলের, বাকি দুই ম্যাচে হার দেখেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলা ম্যাচে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অপরদিকে নিজেদের ঘরের মাটিতে সবশেষ ম্যাচে আফগানিস্তানকে ১০ উইকেটে হারিয়ে এসেছে শ্রীলঙ্কা। এসব দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে। তবে ঘরের মাটিতে ম্যাচ ও ওয়ানডে জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার সুযোগ রয়েছে স্বাগতিকদের সামনে। যেখানে বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে স্বপ্ন দেখছেন তরুণদের নিয়ে। এছাড়া সাদা বলে ব্যর্থ হওয়া লিটন দাস লাল বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে টেস্ট ক্রিকেটে শান্তর সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। এর আগে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি ৯টি জয় তুলে নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার নেতা হিসেবে ১০টি টেস্ট জয় হলে সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। তবে সেজন্য কঠিন পথ পাড়ি দিতে হবে নাজমুল হোসেন শান্তকে। লঙ্কানদের হারানোর কাজটি যে মোটেও সহজ হবে না, সেটির ঘোষণা দিয়ে রেখেছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা। আর আমরা এই ব্যাপারে আশাবাদী। কন্ডিশনের নিয়ে আমরা ভাবছি না। মাঠে কতটুকু এবং কীভাবে খেলছি সেটাই আসল। পুরো দল ভালো ছন্দে রয়েছে। আর দেখে মনে হচ্ছে সবুজ উইকেট হবে, তবে যাই হোক আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া।’

এ দিকে ভারত বিশ্বকাপের পরে নতুন দ্বৈরথ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে টাইমড আউট উদ্যাপন কিংবা হেলমেট উদযাপনের মধ্য দিয়ে সেটি সকলের সামনে এসেছে। টেস্টে এমন উদযাপনের দ্বৈরথ থাকবে কিনা এমন প্রশ্নে লঙ্কান দলপতির উত্তর, ‘জেতার পরে সেটি দেখা যাবে।’ ফলে ছেড়ে কথা বলার সুযোগ থাকছে না দুদলের হাতে। সাদা বলের পরে লাল বলেও সেই উদ্যাপন যোগ হলে মাঠের ক্রিকেটে আরো রোমাঞ্চ তৈরি হবে টাইগার-লায়নদের।

ইত্তেফাক/এএম