রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় একটি রাবারের স্যান্ডেল তৈরির কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাদের সহযোগিতা করছেন স্থানীয় মানুষ। অনেকে বাসা-বাড়ি থেকে পানি সরবরাহ করছেন, কেউ কেউ মালামাল সরাতে সহযোগিতা করছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩টা ৩৫ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়।
স্থানীয়রা বলছেন, আগুন লাগার পরপরই আশপাশের মানুষ আগুন নেভাতে বাসা-বাড়ির থেকে পানি নিয়ে এগিয়ে আসেন। তবে দমকলকর্মীরা আসার পরই আগুন নিয়ন্ত্রণের কাজ গতি পায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, আশপাশের বাসার পানির ট্যাংকিতে জমানো পানি ফায়ার সার্ভিসকে দেওয়া হচ্ছে। তাদের ট্যাংকারের পানি এই আগুন নেভানোর জন্য যথেষ্ট না।
এর আগে গতকাল রাজধানীর ডেমরায় এক গুদামে আগুন লেগেছিল। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। রাতভর সেই আগুন নেভানো সম্ভব হয়নি। আশপাশে জলাধার না থাকায় একপর্যায়ে ফায়ার সার্ভিসকে ড্রেনের পানি ব্যবহার করতে হয়েছে।
এদিকে ইসলামবাগের আগুনের সূত্রপাত প্রসঙ্গে স্থানীয়রা বলছেন, এটা একটা কারখানা, এখানে বিভিন্ন জায়গা থেকে পুরোনো প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্র এনে রিসাইকেল করা হয়। কীভাবে আগুন লেগেছে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে ভবনটিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার হয়। সে কারণে আগুন দ্রুত ছড়াতে পারে।
চারপাশের প্রায় সব ভবনেই কারখানা ও বাসাবাড়ি মিশ্র অবস্থায় ব্যবহার করা হচ্ছে। আগুন ছড়ালে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই সবাই মিলে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে রাখতে ভবনটির তিনদিক দিয়ে পানি দেয়। এতে আগুন ছড়ায়নি। তবে ভোর ৬টার সময়ও ভবনটি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা গেছে। এছাড়া গলে যাওয়া প্লাস্টিকের দুর্গন্ধে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নির্বাপণের পর বিস্তারিত বলা সম্ভব হবে।
