নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে আটক ৯ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।
রাতে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- মো. শাহাদাত ছৈয়াল (২৫), মো. জাহাঙ্গীর ছৈয়াল (৩০), মো. মনির হোসেন (১৯), মো. ইসমাইল (২৫), মো. খোকন মিয়া (১৯), মো. মোক্তার (১৯), মো. আলমগীর (১৮), মো. হযরত আলী (১৮) ও মো. বাবু (২৩)। এদের বাড়ী চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
ওসি কামরুজ্জামান বলেন, আজ মধ্য রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো সস্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন।
