ঈশ্বরদীতে র‍্যাবের অভিযান, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:১৫

পাবনার ঈশ্বরদীতে চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। 

শনিবার (২৩ মার্চ) রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২৪ মার্চ) গণমাধ্যমে পাবনা র‍্যাব পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঈশ্বরদী শহরের স্টেশন রোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৮ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা ঈশ্বরদী শহরের বিভিন্ন রাস্তাঘাট ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। 

ঈশ্বরদী থানার ওসি মো রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান। এদের সবাইকে পাবনা আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/পিও