হঠাৎ ছাঁটাইয়ের প্রতিবাদে মোংলা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২০:১৫

ঈদের আগে হঠাৎ করে ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মোংলা ইপিজেডের একটি ব্যাগ তৈরির কারখানার প্রায় দেড় সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ করেছে। এ সময় নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে  শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ ও সংঘর্ষ হয়।

কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মোংলা ইপিজেডে লাগেজ (ব্যাগ) উৎপাদনকারী ভারতীয় কোম্পানির মালিকানাধীন ‘ভিআইপি’ নামক প্রতিষ্ঠানে গত কয়েক মাস ধরে লোকসান চলছে। এতে কর্তৃপক্ষ সর্বোচ্চ এক বছর চাকরিরত ১৭৭৭ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল ৯টার দিকে ছাঁটাইকৃত এসব শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের টাকা দেওয়া শুরু করলে শ্রমিকরা হট্টগোল শুরু করে।

শ্রমিকরা বাড়তি আরও তিন মাসের বেতন ও ঈদুল আযহার বোনাসের টাকা প্রদানের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। শত শত শ্রমিক ইপিজেডের প্রধান গেটে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইপিজেডের গেটের ভেতরে কারখানা এলাকায় প্রবেশ করে ঢিল ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় ইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন শ্রমিক ও ইপিজেডের নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

ভিআইপি ফ্যাক্টরির মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শ্রম আইন মেনে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তারপরও কিছু শ্রমিক ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর চালায়। এ ব্যাপারে কর্তৃপক্ষ আইনের আশ্রয় নেবেন।

মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে।

ইত্তেফাক/এবি