জামিন পেয়েও কারাগারে আলভেজ

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৩:৩০

ধর্ষণ মামলায় দণ্ডিত হয়ে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ রয়েছেন স্পেনের কারাগারে। তবে আপিল বিভাগের চূড়ান্ত রায় আসার আগে তাকে জামিন দেওয়া হলেও কারামুক্ত হতে পারছেন না বার্সেলোনার সাবেক এই তারকা। জামিনের শর্তে বলা হয়েছিল, মুচলেকা হিসেবে আলভেজকে গুনতে হবে ১১ কোটি ৯০ লাখ টাকার ওপরে (১ মিলিয়ন ইউরো)। কিন্তু এক সময়ের সর্বাধিক শিরোপাধারী এই ফুটবলার মুচলেকার টাকা জোগাড় করতে না পারায় কারাগারেই থাকতে হচ্ছে। 

প্রথমদিকে মামলা চালানোর খরচ নেইমার জুনিয়রের পরিবার বহন করলেও সাজা হওয়ার পরে পরিবারটি আলভেজের পাশ থেকে সরে দাঁড়ায়। তার ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় আলভেজের মা ও ভাইকে বাধ্য হয়ে ধারের জন্য বের হতে হয়েছে। গতকাল স্প্যানিশ সংবাদসংস্থা ইএফই জানিয়েছিল, টাকা জমা দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে কারামুক্ত হবেন আলভেজ। তবে তার আগে বলা হয়েছিল সোমবার পর্যন্ত কোনো টাকা জমা হয়নি।

এ দিকে জামিনে কারাগার থেকে বের হলেও বাইরে থাকাকালীন স্পেনের আদালতে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে ব্রাজিলের এই ফুটবলারকে। শর্ত হিসেবে আরও বলা হয়েছে, মামলার বাদীর বাসা কিংবা অফিসের ১ হাজার মিটারের মধ্যেও প্রবেশ করা যাবে না। আদালতের কাছে আলভেজের স্পেন ও ব্রাজিলের পাসপোর্ট জমা দিতে হবে। এই সিদ্ধান্তের পরে ভুক্তভোগীর আইনজীবী অ্যাস্টার গার্সিয়া বলেছেন, 'একটি কলঙ্কজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধনীদের জন্য এটি ন্যায়বিচার হলেও প্রকৃতপক্ষে এটি ন্যায়বিচার না।'

ইত্তেফাক/জেডএইচ