বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ফিলিস্তিনের একাধিক আক্রমণে বিপরীতে কয়েকটি আক্রমণ করে জামাল ভুঁইয়ার দল। সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ফয়সাল ফাহিম। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।
মঙ্গলবার (২৬ মার্চ) বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ফিলিস্তিন। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনিরা। শুরুতে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ।
কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ফাহিম-রাকিবরা। বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৪৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পায় বাংলাদেশ। জামালের পাস থেকে বল নিয়ে ডি বক্সের ভেতর থেকে শট করেন ফাহিম। তবে তা আটকে দেন ফিলিস্তিনের গোলরক্ষক।
এরপর চেষ্টা করেও ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু'দল।
