৮ম শ্রেণির মেয়েকে ১৮ বছর দেখিয়ে বিয়ে

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:৩৫

৮ম শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীকে আঠারো বছর দেখিয়ে গত ১৯ জুন পাবনা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছিল। যথারীতি বৃহস্পতিবার (৪ জুলাই) বরপক্ষ কনে নিতে আসে। খবর পেয়ে বাধ সাধেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম। 
 
বৃহস্পতিবার রাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের সাতানির চর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘আপনার ছেলে পুলিশে বড়ো চাকরি পেয়েছে, আমরা তদন্তে এসেছি’

জানা গেছে, উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের সাতানির চর গ্রামে আবুল কালামের বাড়িতে ওই বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে রাতে ইউএনও বিয়ে বাড়িতে আসেন। তার উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষ দ্রুত সটকে পড়ে। এ সময় বাল্যবিয়ের দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বর পক্ষের মোজাম্মেল হক ও আব্দুল মতিনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। 

পরে কনের বাবা মুচলেকা দেন, আঠারো বছর বয়সের আগে মেয়েকে বরপক্ষের হাতে তুলে দেওয়া হবে না।

ইত্তেফাক/অনি