অবৈধ স্থাপন উচ্ছেদ, ১৫০ পরিবার পুনর্বাসিত

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:৫০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের প্রায় ৭০ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা। ১০ জুন থেকে শুরু হওয়া এই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

ভূমি অফিস থেকে পাওয়া সূত্র জানায়, তোহা বাজারের ২.২০ একর, চান্দিনাভিটের ৪০ শতাংশ, বাগানবাড়ির ১.৯৩ শতাংশসহ মোট ৪ একর ৫৩ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। 

ইতিমধ্যে বাগানবাড়ি ও বাজারে উচ্ছেদ করা ১৫০টি পরিবারকে বালিয়াপুকুর ও মহিষডুবা পুকুরপাড়ে পুনর্বাসিত করা হয়েছে। প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সেখানে মুসল্লিদের নামাজের জন্য একটি মসজিদের নির্মাণ কাজ চলছে।

আরও পড়ুন: ৮ম শ্রেণির মেয়েকে ১৮ বছর দেখিয়ে বিয়ে

এ উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও নেকমরদ ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক বলেন, সরকারি স্বার্থে এ উচ্ছেদ অভিযান প্রশংসনীয়। তবে উচ্ছেদকৃতদের পুনর্বাসন পরবর্তী সহযোগিতা অব্যাহত রাখতে হবে প্রশাসনকে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম ও ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সরকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চলছে এবং উচ্ছেদকৃতদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি