মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আধ্যাত্মিক গুরু ও ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব। বুধবার নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে ছাড়াপত্র দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিওতে সদগুরুকে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এসময় তার অনুগামীরা তাকে অভ্যর্থনা জানায়।
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সদগুরু। মাথায় যন্ত্রণা হচ্ছিল মাঝে মধ্যেই। মাথা যন্ত্রণা নিয়েই শিবরাত্রির অনুষ্ঠান করেন। এরপর মাথা যন্ত্রণা বাড়লে চিকিৎসকদের পরামর্শ নেন। ১৪ তারিখ যন্ত্রণা আরও তীব্র হওয়ায় চিকিৎসক বিনীত সুরির পরামর্শে এমআরআই করানো হয়। এমআরআই-তে দেখা যায় তার মস্তিষ্ক ফুলে গিয়েছে, রক্তক্ষরণও হয়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ডক্টর ভিনিত সুরীর নেতৃত্বাধীন চিকিৎসকদের দল যেখানে ছিলেন ডক্টর প্রণব কুমার, ডক্টর সুধীর ত্যাগী, ডক্টর এস চট্টোপাধ্যায়। তারা সদগুরুর মস্তিষ্কের এমার্জেন্সি অস্ত্রোপচার করেন।
এর আগে, ইশা ফাউন্ডেশন জানিয়েছিল যে সদগুরু দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইশা ফাউন্ডেশন বলেছে, ‘সদগুরু সুস্থ হয়ে উঠছেন। সকলের কাছ থেকে ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’
