মন্থনা পুকুরকে আগামী এক বছরের মধ্যে আধুনিক জলাধার ও শিশুদের জন্য সুইমিংপুল এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পুকুর কোনো ভাবে ভরাট কিংবা পরিসর ছোট করা হবে না।
শুক্রবার দুপুরে বিভাগীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম জুলফিকার রহমান।
তিনি জানান, পুকুরের চারপাশে হাঁটার জন্য রাস্তা নির্মাণ, মধ্যে দৃষ্টি নন্দন ও পানি সংরক্ষণাগার হিসেবে গড়ে তোলা হবে। এটি ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য প্রশিক্ষণের জন্য উত্তরবঙ্গের মধ্য একটি আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মন্থনা পুকুর নিয়ে বাহিরে যে গুজব কিংবা রটনা চলছে তা আদৌ সত্য নয়। তিনি গুজবে কান না দিয়ে রংপুরের ঐতিহ্যবাহী মন্থনা পুকুরের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক ইউনুছ আলী, সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তাগণ।
এদিকে মন্থনা পুকুর রক্ষায় করণীয় নির্ধারণে শুক্রবার সকাল ১০ টায় রংপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তাদের কল্যাণ তহবিলের জন্য মন্থনা পুকুরকে অক্ষত রেখে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা ব্যক্ত করেন। অন্যদিকে আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন, মার্কেট নির্মাণ হলে সেখানে পুকুর সংকুচিত হয়ে যাবে। পুকুর কিংবা পুকুর সংলগ্ন এলাকা বাদে অন্যত্র মার্কেট করলে তাদের কোনো আপত্তি নেই। কোনো অবস্থাতেই এই ঐতিহ্যবাহী পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কাজ করা যাবে না।
নবাগত জেলা প্রশাসক আসিব আহসান তার বক্তব্যে পুকুর ও জলাশয় সংরক্ষণে হাইকোর্ট ও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলেন ধরেন।
আরও পড়ুন: ৮ম শ্রেণির মেয়েকে ১৮ বছর দেখিয়ে বিয়ে
নানাদিক থেকে দীর্ঘ সময় আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়। পরে সেখান থেকে আন্দোলনকারী নেতৃবৃন্দ ও ফায়ার সার্ভিস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুকুরটি পরিদর্শনে আসেন। সরেজমিনে পরিদর্শনে এসেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় মনোভাব ব্যক্ত করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিস অফিস যদি অনতিবিলম্বে তাদের এই কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ না করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য, ফায়ার সার্ভিসের মন্থনা পুকুর ভরাট করা হচ্ছে এমন গুঞ্জনে রংপুরের বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন।
ইত্তেফাক/অনি

