সাভারের আশুলিয়ায় চাঁদা না দিলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৩ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। শুক্রবার (২৯ মার্চ) সকালে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে এক ভুক্তভোগী বাড়ির মালিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলো মাগুরা জেলার মো. শহীদুল ইসলাম (৩৯), সিরাজগঞ্জ জেলার মো. শাহীন (৩২) ও যশোর জেলার মো. আরমান হোসেন (৩০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে সাভার, আশুলিয়া ধামরাই এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল। তাদের কাছ থেকে একটি প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, সত্য প্রকাশ, আইন সমাজ, জে জে বাংলা টিভিসহ ৬টি বিভিন্ন মিডিয়ার পরিচয়পত্র, টোয়েন্টিফোর বিডি নিউজ ও এম টিভি নামে দুটি ২ টি মিডিয়ার বুম, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সংঘবদ্ধ চক্রটি এলাকার সাধারণ মানুষের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বা পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে বাড়ির মালিককে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের প্রতারণা করে আসছিলো। বিভিন্ন কথিত মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়কালে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে চক্রটিকে। পরে র্যাব-৪ এর সদস্যরা তাদের আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করে।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া আশপাশের এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।
