পাকিস্তানে দুর্দশা আরও বাড়ছে, ফের ঊর্ধ্বগতি পেট্রোলের দাম ঊর্ধ্বগতি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২৩:৫৪

মুদ্রাস্ফীতিতে জর্জরিত পাকিস্তানের জনগণের দুর্ভোগ আরও বাড়ছে। দেশটিতে ফের বাড়তে যাচ্ছে পেট্রোলের দাম। দেশটির শিল্প কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ১০ রুপি বাড়তে পারে। খবর জিও নিউজের।

বর্তমানে পাকিস্তানে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় ২৮০ রুপি করে। পরবর্তী পাক্ষিক পর্যালোচনায় এই দাম লিটার প্রতি বেড়ে প্রায় ২৯০ রুপি হতে পারে।

এদিকে, হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ১ দশমিক ৩০ রুপি কমে ২৮৪.২৬ রুপি হতে পারে বলে অনুমান করা হয়েছে। বর্তমানে এর দাম প্রতি লিটার ২৮৫.৮৬ রুপি।

এছাড়াও কেরোসিনের দাম প্রতি লিটারে ০.১৭ রুপি কমে ১৮৮.৪৯ রুপি হতে পারে বলে ধারণা। একইভাবে, লাইট ডিজেল তেলের (এলডিও) দাম লিটার প্রতি ০.৪৫ রুপি বাড়তে পারে।

একজন কর্মকর্তা বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পেট্রোলের স্থানীয় দাম বাড়ানো হবে। গত দুই সপ্তাহে পেট্রোলের আন্তর্জাতিক মূল্য ব্যারেল প্রতি ৯৫ ডলার। মার্চের প্রথম পাক্ষিকে এই দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছিল। বিশ্ব বাজারে পেট্রোলের দাম বৃদ্ধির কারণে ব্যাপক পরিবর্তন আসবে।’

ইত্তেফাক/এসএটি