যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, 'গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ আছে বলে আমি মনে করি না। এ ব্যাপারে আমি আগেও কথা বলেছি, যৌক্তিক কিছু কারণ এখানে রয়েছে। দামের সমন্বয় করার জন্য এটা অনস্বীকার্য।'
তিনি আরও বলেন, 'গ্যাসে এখনও সরকারের প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। এ কারণেই মূল্য বৃদ্ধির মাধ্যমে সমন্বয় করা হয়েছে। এরপরও কিন্তু সরকারকে ভর্তুকি গুণতে হবে অনেক বেশি। এ বিষয়টির যৌক্তিক কারণ রয়েছে। কাজেই সবাইকে এইটা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।'
এদিকে সম্প্রতি চীনের সঙ্গে বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তিকে 'মেগা দুর্নীতির’ অ্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এর জবাবে সেতুমন্ত্রী বলেন, 'যে বৈঠক হয়েছে সেটা চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে হয়েছে। সেখানে গিয়ে হঠাৎ করে বাইলেটারাল টক হয় না, সেটা তাদের (বিএনপি) জানা নেই। চুক্তি হয়েছে উন্নয়নের জন্য। উন্নয়ন তাদের চোখে পড়ে না। এই জন্য ফখরুল সাহেবদের পরামর্শ দিচ্ছি পাওয়ারের চশমা পরার জন্য।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপের লিগ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়
উল্লেখ্য, উচ্চ দামে আমদানি করা এলপি গ্যাসে সরকারের ভর্তুকির ভার কমানোর জন্য চলতি বাজেটে সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে গ্রাহকদের দুই চুলার জন্য ৮০০ টাকার পরিবর্তে দিতে হবে ৯৭৫ টাকা। অর্থাৎ দুই চুলার গ্রাহকদের এখন থেকে ১৭৫ টাকা বেশি দিতে হবে। আর এক চুলার জন্য ৭৫০ টাকার পরিবর্তে দিতে হবে ৯২৫ টাকা।
এছাড়া যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা ধার্য করা হয়েছে। যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম সোমবার থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা থেকে বেড়ে ৪৩ টাকা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
