বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলায় এএপি নেত্রীকে নির্বাচন কমিশনের নোটিশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২৩:০১

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলায় আম আদমি পার্টির (এএপি) নেত্রী ও দিল্লির মন্ত্রী আতিশীকে নোটিশ পাঠিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। খবর দ্য ইকোনমিক টাইমস।

এর আগে আতিশী এক সংবাদ সম্মেলনে বলেন, বিজেপি তাকে তাদের দলে যোগ দিতে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক মাসের ভেতর তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

তবে আতিশীর এই অভিযোগ প্রত্যাখান করেছে বিজেপি। এটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাবি করে তাকে কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়েছে।

দিল্লি প্রদেশের বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, বিজেপির বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করার জন্য আতিশীকে জবাবদিহি করতে হবে। এই মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্তে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপির পাঠানো নোটিশে বলা হয়েছে, আম আদমি নেত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা চালানো হবে।

ইত্তেফাক/এসএটি