রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড এলাকায় নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের রড ভেঙে মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে। তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
তিনি আরও জানান, বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এদিকে রাজউক বলছে, সাত মসজিদ হাউজিং এ রাজউক এর অনুমোদনহীন এবং কোনরকম সেফটি ছাড়াই হাউজিং এর প্রধান সড়কের পাশে পাইলিং এর কাজ চলছিলো। নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ করা হলেও ভবন মালিক নির্মাণ কাজ বন্ধ করেননি। পাইল এর রড ল্যাপিং এর স্থলে ওয়েল্ডিং না করে বোর হোলের ভিতর ছাড়ার সময় জয়েন্ট থেকে ছুটে গিয়ে রাস্তার উপর পড়ে পথচারী এস এম হাসান ঘটনাস্থলে মারা যান। নির্মাণ কাজ বন্ধ করতে তাৎক্ষণিকভাবে ডিপিডিসির মাধ্যমে নির্মাণাধীন প্লটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্মাণাধীন ভবনের ওয়ার্কিং ড্রইং এ স্বাক্ষরকারী প্রকৌশলী সৈয়দ রেজাউল করিম।
