আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার ঘিরে সরগরম ভারতের রাজনীতির মাঠ। সেই আবহেই আজ রোববার (৭ এপ্রিল) দিল্লিতে গণ উপবাস পালন করছেন আম আদমি পার্টির (এএপি) নেতা, কর্মী এবং সমর্থকরা। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে গণ উপবাস পালনের এই উদ্যোগ। এনডিটিভির খবর।
দিল্লি ছাড়াও ভারতের অন্যত্র এবং বিদেশেও এএপি সমর্থকরা এই গণ উপবাসে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতা গোপাল রাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বস্টন, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং ব্রিটেনের লন্ডনেও এই গণ উপবাস পালিত হবে বলে জানিয়েছে দলটি।
রবিবার সকাল ১১টায় দিল্লির যন্তর মন্তরে সমবেত হবেন এএপির নেতা, কর্মী এবং সমর্থকেরা। সেখানে একত্রে উপবাস পালন করবেন সকলে। এই গণ উপবাস কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যন্তর মন্তরে। যন্তর মন্তর অভিমুখী রাস্তাগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে সেখানে দলে দলে মানুষজন ভিড় করছেন।
যন্তর মন্তর অভিমুখী রাস্তায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এর ফলে আজ সেন্ট্রাল দিল্লিতে যান চলাচলের সমস্যাও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি ছিল এএপির। সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কর্মী-সমর্থকদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরায় পুলিশ। ধাক্কাধাক্কিতে বেশ কয়েক জন আহতও হন।
কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলছে আম আদমি। তাদের দাবি, পরিকল্পনা করে লোকসভা নির্বাচনের ঠিক মুখে গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে, যাতে তিনি প্রচারে অংশ নিতে না পারেন।
দলের নেত্রী অতিশী এবং নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, জেল থেকেই আপাতত দিল্লির শাসনকার্য পরিচালনা করছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের গ্রেপ্তারে বিচ্ছিন্ন বিরোধী শিবিরকেও একছাতার তলায় আসতে দেখা গিয়েছে। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে সম্প্রতি রামলীলা ময়দানে বিরাট সমাবেশ করে বিজেপি বিরোধী ইন্ডিয়া (আইএনডিআইএ) শিবির। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের হেনস্থা করছে বলে অভিযোগ করে তারা। গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। আপাতত দিল্লির তিহাডর জেলে রয়েছেন তিনি।
