রাজস্থানকে প্রথম হারের স্বাদ দিল গুজরাট

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৫:০০

আইপিএলে শেষ বলে চার মেরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুজরাট টাইটান্সকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন রশিদ খান। প্রতিপক্ষকে দিয়েছেন এবারের আসরের প্রথম হারের স্বাদ।

আইপিএলে বুধবার রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটে জিতেছে শুবমান গিলের দল। রাজস্থানের ১৯৬ রান গুজরাট পেরিয়ে গেছে ম্যাচের শেষ বলে।

১১ বলে চারটি চারে অপরাজিত ২৪ রানের ইনিংসে শেষটায় নায়ক রাশিদ। শেষ ২ ওভারে ৩৫ রানের কঠিন সমীকরণ মেলানোয় গুরুত্বপূর্ণ অবদান আছে রাহুল তেওয়াতিয়ারও। ১১ বলে তিনি খেলেন ২২ রানের কার্যকর ক্যামিও ইনিংস।

জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসন ও রিয়ান পারাগের ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ে রাজস্থান। ৩৮ বলে দুই ছক্কা ও সাত চারে অপরাজিত ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক স্যামসন।

তার সঙ্গে ৭৮ বলে ১৩০ রানের জুটি উপহার দেওয়া পারাগ করেন ৭৬ রান। তার ৪৮ বলের ইনিংস গড়া পাঁচ ছক্কা ও তিন চারে।

তাদের আগ্রাসী ব্যাটিংয়ের মাঝেও চার ওভারে কেবল ১৮ রান দিয়ে ১ উইকেট নেন অভিজ্ঞ আফগান লেগ স্পিনার রাশিদ।

রান তাড়ায় ৪৪ বলে দুই ছক্কা ও ছয় চারে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন গুজরাট অধিনায়ক গিল। এরপরও সম্ভাবনায় এগিয়ে ছিল রাজস্থান।

১৯তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তেওয়াতিয়া ও রাশিদ। ইনিংসের শুরুর দিকে তিন উইকেট নিয়ে গুজরাটকে নাড়িয়ে দেওয়া কুলদিপ সেনের করা ওভারে তিন চারে তারা নেন ২০ রান।

আভেশ খানের করা শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলাতে গিয়ে পঞ্চম বলে রান আউট হয়ে ফেরেন তেওয়াতিয়া। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। রাশিদ কাজ সারেন চার মেরেই।

৫ ম্যাচে প্রথম হারের পরও শীর্ষেই আছে রাজস্থান। ছয় ম্যাচে তৃতীয় জয় পাওয়া গুজরাট আছে ছয় নম্বরে। রাজস্থান ছাড়া বাকি চার দল তাদের চেয়ে এগিয়ে রান রেটে।

ইত্তেফাক/এনএন