নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলসাব (২২) নিহত হয়েছেন এবং অন্য দুই আরোহীসহ একজন পথচারী আহত হয়েছেন।
নড়াইল হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লোহাগড়া থেকে নড়াইল যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপাড়ি বাগানে গিয়ে পড়ে। নিহত আলসাব ফরিদপুর জেলার সালথা থানার কুমারপাটি গ্রামের আসাদের ছেলে। আহত মুস্তাকিন মাতুব্বার একই জেলার নগরকান্দা থানার আইনপুর গ্রামের হেদায়েত মাতুব্বারের ছেলে ও মোস্তাক সরদার সালথা থানার কুমারপাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।
নড়াইল সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অলোক কুমার বাগচী জানান, দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আলসাবের মোবাইল ফোন থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
