ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁতে বিস্ফোরণকাণ্ডের দুই মূল পরিকল্পনাকারী মুসাভির হুসেন শাজিব ও আবদুল মথিন ত্বহাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দেশটির গোয়েন্দা সংস্থা ও পুলিশ পশ্চিমবঙ্গের কলকাতার উপকণ্ঠের কাঁথিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। খবর এনডিটিভি।
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরমের একটি রেস্তোরাঁতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে কাস্টমার ও কর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
প্রাথমিক তদন্তে উঠে আসে আবদুল মথিন ত্বহা ও মুসাভির হুসেন শাজিবসহ আরও কয়েকজনের নাম। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল।
এনডিটিভির প্রতিবেদন মতে, যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তা থেকে জানা যায়, রেস্তোরাঁর ভেতরে বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ রেখে এসেছিলেল শাজিব। আর এর পরিকল্পনা করেছিলেন ত্বহা। গত এক মাসেরও বেশি সময় ধরে কর্ণাটক, তামিল নাড়ু ও উত্তর প্রদেশের অন্তত ১৮টি সম্ভাব্য জায়গায় তাদের খোঁজে অভিযান চালায় গোয়েন্দা কর্মকর্তারা।
জানা গেছে, কলকাতার কাঁথির একটি হোটেলে পরিচয় গোপন করে লুকিয়ে ছিলেন এই দুই আসামি। শুক্রবার এনআইএর পাশাপাশি পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরালা পুলিশের যৌথ অভিযানে তাদেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দারা ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এর আগে এই ঘটনায় মুজাম্মিল শরীফ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় শাজিব ও ত্বহাকে সহায়তা করেছিলেন তিনি।
