সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিয়া হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে বাকবিতন্ডার একপর্যায়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ৩ টার দিকে মৃত মিয়া হোসেনের গরু হেলাল মিয়ার (হেলো) বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে একে অপরের বাকবিতন্ডায় হাতাহাতি হয়। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হন।
নিহত মিয়া হোসেনের পরিবারের অভিযোগ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের নির্দেশে উনার ভাতিজা লামাসানিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আলিম উদ্দিন ও তার সহযোগিদের কিল-ঘুসিতে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হয়েছেন। পরে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
অভিযোগ অস্বীকার করে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, মিয়া হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তবে কিল-ঘুসি বা মারামারির ঘটনা ঘটেনি। মিয়া হোসেনের হার্টের রোগী ছিলেন। সে স্ট্রোক করে মারা গেছে।
ওই ঘটনায় সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে রণজয় চন্দ্র মল্লিক বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
