কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০২:৩০

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশমাইল-জিরাবো সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নাটোর জেলার সিংড়া থানার পুঁতিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার (৩২) ও তার স্ত্রী হাসি বেগম। হাসি বেগমের বাড়িও স্বামী বাড়ি এলাকায়। ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের বাড়ি নাটোর থেকে কর্মস্থল জিরাবো এলাকায় ফিরছিলেন নিহত ওই দম্পতি। তারা বাস থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় নেমে ইজিবাইকযোগে জিরাবোর দিকে রওনা দেন। এসময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জিরাবো পিএমকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জিরাবো পিএমকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে তারা হাসপাতালে আসার আগেই মারা যান।

ইত্তেফাক/এমএএম