স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষোভ, গলায় ফাঁস নিলেন গৃহবধূ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২১:১৮

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় রোকসানা আক্তার কান্তা (৩০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। তবে পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রোকসানা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফায়দাবাদ গ্রামের মো. জাকারিয়া ইসলামের মেয়ে। বর্তমানে স্বামী রাশিদুল ইসলামের সঙ্গে খিলগাঁওয়ের গোড়ান রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ডিএমপির খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের ভাই সাইফুল ইসলাম তপন বলেন, তার ভগ্নিপতি রাশেদ নবাবগঞ্জ শাখার ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। রাশেদ মাঝে এক মেয়েকে বিয়ে করেন। এসব নিয়ে তাদের দম্পত্য কলহ চলছিল। 

মৃতের পরিবারের বরাত দিয়ে এসআই আব্দুল্লাহ আল হাসান বলেন, সন্ধ্যায় সংবাদ পেয়ে গোঁড়ান ৮ নম্বর রোডের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি গলায় ফাঁস নেন। স্বামী রাশেদুল ইসলাম তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আত্মীয়-স্বজনদের জানায়। পরে পুলিশকে সংবাদ দেয়।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।   

ইত্তেফাক/ডিডি